বিজ্ঞান ও প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজ্ঞান ও প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বিদেশেও সচল থাকবে গ্রামীণফোনের সিম

বিদেশেও সচল থাকবে গ্রামীণফোনের সিম

 



প্রবাসী বাংলাদেশিদের জন্য ’প্রবাসী প্যাক’ চালু করলো গ্রামীণফোন। প্যাকটির মাধ্যমে বিদেশে থাকাকালে মোবাইল নম্বর সচল রাখা ছাড়াও কোনো বাড়তি চার্জ ব্যতীত আনলিমিটেড ইনকামিং এসএমএস’র সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

পাঁচ বছর পর্যন্ত সিমের মেয়াদসহ উদ্ভাবনী এই প্যাকটি এমনভাবে সাজানো হয়েছে যেন তা প্রবাসীদের সংযোগের চাহিদা পূরণ করতে পারে। বিদেশে বসবাসকারী এবং কর্মরত বাংলাদেশিদের ক্ষমতায়নের জন্য প্যাকটিতে রয়েছে বিশেষ সব ফিচার। সমন্বিত ও অনন্য সব সুবিধা দিয়ে প্রবাসীদের জন্য সাজানো হয়েছে এই প্যাকটি যারা রেমিট্যান্স’র মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এছাড়া অনলাইন ব্যাংকিং, আর্থিক সেবা এবং গুগল ও ফেসবুকের মতো অ্যাপের জরুরি ওটিপিগুলো পাবেন তারা। ফলে সবসময় প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা যা তাদের নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল বিশ্বের সাথে সংযুক্ত রাখবে। গ্রাহকদের সুবিধা ও প্রয়োজনের দিকটি মাথায় রেখে প্যাকটিতে ৩জিবি বা ৫জিবি’র ইন্টারনেট বোনাস রাখা হয়েছে; দেশে থাকাকালীন সময় বোনাসটি উপভোগ করতে পারবেন প্রবাসীরা।

পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে যুক্ত থেকে সব গুরুত্বপূর্ণ খোঁজ-খবর রাখতে পারবেন তারা, যা তাদের শেকড়ের সঙ্গে বন্ধনকে রাখবে অটুট; নিশ্চিত করবে আরো সহজ ও সংযুক্ত জীবনধারা। অফারটি পেতে, গ্রাহকদের তিন বছর মেয়াদের জন্য ৯৯৪ টাকা এবং পাঁচ বছর মেয়াদের জন্য ১ হাজার ৪৯৪ টাকা রিচার্জ করতে হবে।



ব্যবহারের বাধ্যবাধকতা বা বিদেশ থেকে রিচার্জ করার সুযোগ না থাকায় সিম সচল রাখতে বাংলাদেশি প্রবাসীদের প্রায়ই অসুবিধার সম্মুখীন হতে হয়। এই প্যাকটির মাধ্যমে গ্রাহকরা কোন ঝামেলা ছাড়া তাদের সিমটি সচল ও কার্যকর রাখতে পারবেন, যা অনেক ক্ষেত্রে তাদের পরিচয়ের একটি মূল অংশ হয়ে দাঁড়ায়। বিদেশে থাকাকালে সিম সচল রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রবাসীদের পরিচিতি রক্ষার নিশ্চয়তা প্রদান করবে। এছাড়া তারা দেশে আসার পর পাচ্ছেন ইন্টারনেট বোনাস ব্যবহারের সুযোগ। ফলে নিজের দেশে সবার সাথে যুক্ত থাকতে ও যোগাযোগ রক্ষায়ও সহায়ক।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, প্রবাসী গ্রাহকদের দেবে নিরবচ্ছিন্নভাবে ও ডিজিটালি যুক্ত থাকার সুযোগ। যুগান্তকারী এই পদক্ষেপটি গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন। এটি প্রবাসী গ্রাহকদের সেবা গ্রহণের অভিজ্ঞতা আরো উন্নত করার পাশাপাশি এমন একটি ডিজিটাল সংযোগ তৈরি করবে যা তাদের জীবনধারাকে সমৃদ্ধ এবং দেশের সাথে বন্ধনকে আরো দৃঢ় করবে।

প্রবাসী প্যাকটির মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন, যেন প্রবাসীরা দেশের সাথে সংযুক্ত থাকতে এবং আধুনিক যোগাযোগের সুবিধা উপভোগ করতে পারেন। আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা যেন কার্যকর যোগাযোগ রক্ষা করতে এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে যুক্ত থাকতে পারেন।

ইতোমধ্যে, বাংলাদেশে থাকা গ্রাহকরা যাদের হাতে সিম আছে তারা সহজেই বিভিন্ন চ্যানেল যেমন: রিটেল আউটলেট, বিকাশ, গ্রামীণফোন ওয়েবসাইট অথবা মাই জিপি অ্যাপের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট টাকা রিচার্জ করতে পারবেন। মাই জিপি অ্যাপ থেকে ’বান্ডলস’ সেকশনে গিয়ে তাদের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করে অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া তিন বছরের প্ল্যানের জন্য *১২১*৯৯৪# বা পাঁচ বছরের প্ল্যানের জন্য *১২১*১৪৯৪# ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। সিম কার্ডটি সাথে থাকা অবস্থায় যারা দেশের বাইরে আছেন তারা একই প্রক্রিয়া অনুসরণ করে অথবা অন্যের সহায়তায় রিচার্জ করতে পারবেন।

মাদক বিক্রি বন্ধে ফেসবুক–টিকটকের সঙ্গে বসছে ট্রাম্পের প্রতিনিধিদল

মাদক বিক্রি বন্ধে ফেসবুক–টিকটকের সঙ্গে বসছে ট্রাম্পের প্রতিনিধিদল


 অনলাইনে মাদক বিক্রি প্রতিরোধে প্রযুক্তি দুনিয়ার শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান—গুগল, মাইক্রোসফট, মেটা, স্ন্যাপ ও টিকটকের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম। চলতি মাঝামাঝি এ বৈঠক করতে চায় তারা।

আজ সোমবার দ্য ইনফরমেশনের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।


প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার গুগল, মাইক্রোসফট, মেটা, স্ন্যাপ ও টিকটকের কাছে ই–মেইলের মাধ্যমে একটি ফোনালাপের আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদের মাদক নীতির প্রধান জিম ক্যারলের একজন প্রতিনিধি এবং ট্রানজিশন টিম। অনলাইনে মাদক বিক্রি নিয়ন্ত্রণের বাধাগুলো নিয়ে প্রতিষ্ঠানগুলোর মতামত শুনতে চায় ট্রানজিশন টিম। পাশাপাশি তাদের অগ্রাধিকারগুলো জানতে চায় তারা।


এ বিষয়ে গুগল, মাইক্রোসফট, মেটা, স্ন্যাপ, টিকটক এবং ট্রাম্পের ট্রানজিশন টিমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের মতো মাদক আসা বন্ধ করতে তৎপর ট্রাম্প। তিনি মেক্সিকোকে এ বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মাদক পাচার ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করতে না পারলে মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

গত নভেম্বরে ট্রুথ সোশ্যাল একটি পোস্টে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরই একটি নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডা থেকে আসা সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যতক্ষণ না তারা সিনথেটিক অপিয়ড ফেন্টানিল পাচার বন্ধ করবে।

তিনি আরও বলেন, মেক্সিকো ও কানাডা ফেন্টানিলের মতো মাদকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তাদের ওপর থেকে বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে। ফেন্টানিলের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে যুক্তরাষ্ট্রে বড় আকারে প্রচারণা চালানোর কথাও বলেন তিনি।

ফেন্টানিল নামে এই ড্রাগ সাধারণত চিকিৎসায় ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহৃত হয়। এর শক্তি মরফিন বা হেরোইনের চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি এবং এর মাত্রাতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার অত্যন্ত বিপজ্জনক। গত বছর ফেন্টানিলের অতিরিক্ত ব্যবহার বা ওভারডোজে প্রায় ৭৫ হাজার জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এ জন্য ফেন্টানিলের কাঁচামাল তৈরি বন্ধ করতে বাইডেন প্রশাসন বেইজিংকে চাপ প্রয়োগ করে আসছিল।

এর আগে মার্চ মাসে ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা যায়, ফেসবুক ও ইনস্টাগ্রামে মাদক বিক্রি থেকে মেটা কোনো মুনাফা পাচ্ছে কি না বা এ ক্ষেত্রে মেটার কোনো ভূমিকা রয়েছে কি না—এটি খতিয়ে দেখেছিলেন মার্কিন প্রসিকিউটররা।

সে সময় মেটার এক মুখপাত্র ওয়ালস্ট্রিট জার্নালকে বলেন, ‘অবৈধ মাদক বিক্রি আমাদের নীতির বিরুদ্ধে। পরিষেবাগুলো থেকে এসব খুঁজে বের করে সরিয়ে ফেলার জন্য কাজ করি আমরা।’

গত জানুয়ারিতে ফেন্টানিলসহ বিভিন্ন ভেজাল ওষুধ তৈরির ডিভাইস কেনাবেচা বন্ধে পর্যাপ্ত নিয়মনীতি না থাকায় ই–কমার্স সাইট ইবে–কে ৫৯ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। এ ছাড়া মাদক বিক্রি বন্ধে তাদের নীতিমালা আরও উন্নত করতে রাজি হয় তারা।