মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ি সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ।
তিনি জানান , ১৪ জানুয়ারি ২০২৪ রাত ৮ ঘটিকায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেউরঝাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮০/৪-এস হতে *আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে ‘বড়বিল্লা’ নামক স্থানে হতে প্রতিপক্ষ ১৫২/বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলদল বাংলাদেশী নাগরিক মোঃ আলিমুল রহমান (৪৫)কে আটক করেছে।
উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর বেউরঝাড়ী বিওপি কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ ১৫২/বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে বিএসএফ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
এছাড়াও বিএসএফ জানায়, আটককৃত বাংলাদেশী নাগরিককে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিজিবি টহলদল কর্তৃক তথ্য অনুসন্ধানের কার্যক্রম চলমান থাকে ।
পরবর্তীতে বিএসএফ ১৫২ ব্যাটালিয়ান কমান্ডেন্ট জানান যে, আটককৃত ব্যক্তি বাংলাদেশের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। তার ব্যক্তিগত নাম্বার যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ নং কোর্সের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি লেফটেন্যান্ট পদবীতে অবসর গ্রহণ করেন।
৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির, জানান আগামীকাল উল্লেখিত অবসরপ্রাপ্ত অফিসার কে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
এদিকে, এ ঘটনায় সীমান্ত এলাকার স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

0 coment rios: