শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সরকার গঠনের সুযোগ পেলে প্রতি জেলায় মেডিকেল কলেজ হবে: ডা. শফিকুর রহমান

 

ঠাকুরগাঁওয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর মেহেরবানিতে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর বেলাল উদ্দিন প্রধান।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গ দেশের শস্যভাণ্ডার হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। দুর্নীতি ও দুঃশাসনের কারণে এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা থাকলে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষির রাজধানীতে পরিণত হতে পারত।

তিনি বলেন, কৃষকদের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ দেওয়া হলে উৎপাদন বহুগুণ বাড়বে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। কৃষিপণ্যের অপচয় রোধে আধুনিক সংরক্ষণাগার গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি।

আগামী দিনের বাংলাদেশ গড়তে তিনটি শর্তের কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন—

১) দুর্নীতি ও দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেওয়া হবে না,

২) ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে,

৩) বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন।

ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু একটি দল নয়, মুক্তিকামী মানুষের ১০ দলীয় ঐক্যকে ভোট দিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

জনসভায় তিনি উত্তরবঙ্গের উন্নয়নে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিটি ঘরকে উৎপাদনমুখী ইউনিটে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। প্রার্থীরা হলেন— ঠাকুরগাঁও-১ আসনে মো. দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আসনে মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনে মাস্টার মিজানুর রহমান।

জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপি, জাগপা, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।


শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: