সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধর্ম অবমাননাকে কেন্দ্র করে গত ৩ ডিসেম্বর উত্তেজিত জনতার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০-১৭০ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করে পুলিশ। একই সময়ে এই হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আলীম হোসেন (১৯), সুলতান আহমেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাহজাহান হোসেন (২০)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
একইসাথে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের বাসিন্দা হিন্দু যুবক আকাশ দাস ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একটি ছবি ফেসবুকের কমেন্টে দিলে উপজেলার মুসলিম জনতা উত্তেজিত হয়ে পড়েন। তাৎক্ষনিক পুলিশ মংলারগাঁও পৌঁছে আকাশ দাসকে আটক করে। এরই মধ্যে উত্তেজিত জনতার একাংশ উপজেলা সদরে ও মংলারগাঁও গ্রামে বেশ কিছু দোকানপাট,মন্দির ও কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।
পরদিন ধর্ম অবমাননার বিষয়ে সাইবার নিরাপত্তা আইনের একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় একমাত্র নামোল্লেখ করা আসামি আকাশ দাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: